সমকালের একটি শিরোনাম “সংঘর্ষের পর থমথমে ডুয়েট, কাজে যোগ দিলেন নতুন ভিসি “
টানা ৪ ঘণ্টা দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছিল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)। এ অবস্থার মধ্যেই আজ রোববার বিকেলে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে কাজে যোগদান করলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব সমকালকে জানান, পুরো ক্যাম্পাসে এমন তাণ্ডব চলার সময় নতুন ভিসি নিরাপদেই ছিলেন। পরে বিকেলে আগের ভিসি অধ্যাপক ড. জয়নাল আবেদীনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
এর আগে, নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয় ডুয়েট। দফায় দফায় সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত হন ১৭ জন। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা তখন ঢাকা শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। গতকাল শুক্রবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল হয়ে উঠে ডুয়েট। শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ব্যানারও টানিয়ে দেন।
ছাত্রদল দাবি করেছে, শান্ত ক্যাম্পাসকে অশান্ত করে তুলেছে শিবিরের নেতাকর্মীরা। অন্যদিকে শিবির দাবি করেছে, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই তাণ্ডব চালিয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আজকের পত্রিকার একটি শিরোনাম”কর্ণফুলী টানেলে চার রাত নিয়ন্ত্রিত হবে যান চলাচল”
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন চট্টগ্রামে কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণকাজের জন্য ১৭ থেকে ২০ মে পর্যন্ত রাতের বেলায় নিয়ন্ত্রিতভাবে যান চলাচল পরিচালনা করা হবে।
আজ রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যান চলাচল অব্যাহত রাখা হবে।
এ সময় বিদ্যমান যানবাহনের চাপ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনায় সেতু কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
বণিকবার্তার একটি শিরোনাম “আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে”
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাজা পরোয়ানামূলে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন শুনানির পর আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শহীদ আবু সাঈদকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৯ এপ্রিল ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই হাসিবুর রশিদ পলাতক ছিলেন। গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মানবজমিনের একটি শিরোন “গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, জনগণের দেয়া গণরায় বাস্তবায়নে বিলম্ব, টালবাহানা কিংবা অস্বচ্ছতা নিয়ে দেশের বিভিন্ন মহলে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ। রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণের একাংশ মনে করছেন, জনগণের স্পষ্ট মতামত উপেক্ষা করা হলে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
শনিবার সকালে নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম মাসুম অভিযোগ করেন- জনগণ দীর্ঘদিনের সংকট, অনিয়ম, দুর্নীতি এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে রায় দিয়েছে, সেটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। কিন্তু এই প্রক্রিয়ায় যদি অযথা বিলম্ব করা হয় বা রাজনৈতিক কৌশলের আশ্রয় নেয়া হয়, তাহলে জনমনে ক্ষোভ আরও বাড়বে। এটিএম মাসুম বলেন, জনগণের প্রত্যাশা এখন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়; তারা বাস্তব পরিবর্তন দেখতে চায়। বিশেষ কর ভোটাধিকার, সুশাসন, আইনের শাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে জনগণের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। আর জনগণের রায়কে দুর্বল করার বা উপেক্ষা করার যেকোনো অপচেষ্টা জনগণ ভালোভাবে নেবে না। কারণ ইতিহাসে দেখা গেছে, যখন মানুষের গণতান্ত্রিক অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে, তখনই জনরোষ বিস্ফোরিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা যে আন্দোলন শুরু করেছি, তা কোনো ব্যক্তি, দল বা ক্ষমতার স্বার্থে নয়; এটি মানুষের অধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা এবং সত্য প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো মানুষের মুক্তি, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং এমন একটি রাষ্ট্র ও সমাজ গঠন করা, যেখানে জুলুম, অবিচার, বৈষম্য ও দমন-পীড়নের কোনো স্থান থাকবে না। আমরা বিশ্বাস করি, পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর কাছেও একটি উত্তম আমল। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী এমপি।
সারাক্ষণ ডেস্ক 



















