গণতন্ত্রের শক্তি কেবল নির্বাচনে নয়, বরং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার সক্ষমতায় নিহিত। আধুনিক রাজনীতিতে প্রায়ই নির্বাহী বিভাগের ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা যায়। আবার বিচার বিভাগকে কখনও অভিযুক্ত করা হয় রাজনৈতিক প্রশ্নে অতিরিক্ত হস্তক্ষেপের জন্য। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যা দেখায় যে সাংবিধানিক কাঠামোর ভেতরে প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা এখনো কার্যকর হতে পারে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক একটি বিতর্ক সেই সম্ভাবনাকেই সামনে এনেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং সরকারের প্রভাব বিস্তারকে ঘিরে। কোভিড-১৯ মহামারির সময় সরকারি কর্মকর্তারা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছিলেন। প্রশাসনের যুক্তি ছিল জনস্বাস্থ্য রক্ষা। কিন্তু সমালোচকদের মতে, সেই প্রচেষ্টার একটি অংশ ছিল ভিন্নমত বা অস্বস্তিকর তথ্যকে আড়াল করা, যা শেষ পর্যন্ত মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করে।
এখানে মূল বিতর্কটি কোনো নির্দিষ্ট নীতি নিয়ে নয়। বরং প্রশ্ন হলো, সরকার কি এমন কাজ পরোক্ষভাবে করতে পারে, যা সরাসরি করা তার জন্য সাংবিধানিকভাবে নিষিদ্ধ? যদি রাষ্ট্র কোনো বেসরকারি প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত আদায় করে, যা রাষ্ট্র নিজে নিতে পারে না, তাহলে সেই দায় কতটা সরকারের?
এই প্রশ্ন আদালতের সামনে গিয়েছিল। অনেকের প্রত্যাশা ছিল বিচার বিভাগ সরাসরি সরকারের ভূমিকা নিয়ে কঠোর রায় দেবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভিন্ন পথ বেছে নেয়। আদালত মামলার মৌলিক অভিযোগের সত্যতা বা অসত্যতা নির্ধারণ না করে বলে যে বাদীপক্ষ যথেষ্টভাবে প্রমাণ করতে পারেনি যে সরকারের চাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পদক্ষেপের মধ্যে সরাসরি কারণগত সম্পর্ক ছিল। ফলে মামলাটি প্রক্রিয়াগত ভিত্তিতে খারিজ হয়ে যায়।
প্রথম নজরে এটি অনেকের কাছে হতাশাজনক মনে হতে পারে। কিন্তু বিচার বিভাগের ভূমিকা সব সময় রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করা নয়। আদালতের কাজ হলো আইন ও প্রক্রিয়ার সীমার মধ্যে থেকে সিদ্ধান্ত দেওয়া। কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলেই আদালত তার সীমা অতিক্রম করবে—এমন ধারণা সাংবিধানিক শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিচার বিভাগের আত্মসংযমও গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান।
অন্যদিকে আদালতের এই অবস্থান বিতর্ককে শেষ করেনি। বরং তা নতুন রাজনৈতিক উদ্যোগের পথ খুলে দিয়েছে। ভিন্ন রাজনৈতিক আদর্শের দুই মার্কিন সিনেটর একসঙ্গে এমন একটি আইন প্রস্তাব করেছেন, যার লক্ষ্য হবে সরকারি কর্মকর্তাদের গোপন চাপ প্রয়োগের সুযোগ সীমিত করা। তাদের প্রস্তাব অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান কিংবা সম্প্রচারমাধ্যমের সঙ্গে সরকারের নির্দিষ্ট ধরনের যোগাযোগ জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে নাগরিকদের জন্য আইনি প্রতিকার পাওয়ার পথও সহজ করা হবে।
এই উদ্যোগের তাৎপর্য রাজনৈতিক অবস্থানের বাইরে। কারণ এটি দেখায় যে একটি সমস্যার সমাধান সব সময় আদালত থেকে আসতে হবে না। অনেক ক্ষেত্রে আইন প্রণয়নই সবচেয়ে উপযুক্ত পথ। আদালত যখন নিজের সীমা মেনে চলে, তখন আইনসভা সেই শূন্যতা পূরণের দায়িত্ব নিতে পারে। আর সেটিই সাংবিধানিক ব্যবস্থার স্বাভাবিক কার্যপ্রণালী।
বর্তমান বিশ্বে গণতন্ত্র নিয়ে আলোচনায় আমরা প্রায়ই প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা নিয়ে কথা বলি। রাজনৈতিক মেরুকরণ, নির্বাহী ক্ষমতার বিস্তার, বিচার বিভাগের বিতর্কিত রায় কিংবা আইনসভার অকার্যকারিতা—এসবই শিরোনাম হয়। কিন্তু যখন কোনো প্রতিষ্ঠান নিজের সীমা মেনে চলে এবং অন্য প্রতিষ্ঠান তার দায়িত্ব পালন করে, তখন সেটি খুব কমই আলোচিত হয়।
তবু গণতন্ত্রের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ঠিক এই ধরনের ঘটনাগুলোর ওপরই নির্ভর করে। ক্ষমতার বিভাজন কেবল একটি সাংবিধানিক ধারণা নয়; এটি এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে রাষ্ট্রের কোনো একক অংশ অতিরিক্ত প্রভাবশালী হয়ে উঠতে পারে না। নির্বাহী বিভাগের অতিরিক্ত আগ্রাসন, বিচার বিভাগের সংযম এবং আইনসভার প্রতিক্রিয়া—এই ধারাবাহিকতা দেখায় যে ব্যবস্থাটি এখনো কাজ করতে সক্ষম।
গণতন্ত্রের প্রকৃত সাফল্য নাটকীয় সংঘর্ষে নয়, বরং সেই নীরব মুহূর্তগুলোতে প্রকাশ পায় যখন প্রতিষ্ঠানগুলো নিজেদের সীমা ও দায়িত্বকে সম্মান করে। তখনই রাষ্ট্রযন্ত্র নিরাপদে এগিয়ে চলে। আর সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতায়, সেটি নিজেই এক ধরনের সুখবর।
জর্জ এফ. উইল 



















