হামে আক্রান্তের মতো উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নতুন পাঁচ মৃত্যুর সবকটিকেই সন্দেহভাজন হামে মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। এর ফলে চলতি বছরে দেশে নিশ্চিত ও সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ জনে।
সন্দেহভাজন মৃত্যু ৮৩৯, নিশ্চিত ৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচ মৃত্যুর পর দেশে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জনে। অন্যদিকে, পরীক্ষাগারে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ৯৯ জনেই অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১৪৯টি সন্দেহভাজন হাম আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে দেশজুড়ে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে।
নিশ্চিত হাম আক্রান্ত ১৮ হাজার ৪৮৭
একই সময়ে নতুন করে আরও ৮৩ জনের হাম আক্রান্তের বিষয়টি পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরে দেশে পরীক্ষাগারে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮৭ জনে।
১৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ১ লাখ ৩১ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম আক্রান্ত মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে নতুন আক্রান্ত, মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য তুলে ধরা হচ্ছে। সর্বশেষ হিসাবে দেশে সন্দেহভাজন হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি পরীক্ষাগারে নিশ্চিত আক্রান্তের সংখ্যাও বেড়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















