নবগঠিত বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের পরিচিতি সভা ও ‘শিক্ষা খাতে সুশাসন: নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।
সভায় বেসরকারি শিক্ষকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষা খাতে নিয়োগ ও বরাদ্দে স্বচ্ছতার দাবি
আলোচনায় শিক্ষা খাতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা, বাজেট ও সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং আর্থিক ও প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে শিক্ষক বদলি ও পদোন্নতি, বৈষম্য নিরসন এবং বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিয়েও আলোচনা করেন বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যালায়েন্সের সদস্য সচিব ড. শামীম হামিদি, ইউনিভার্সিটি টিচার্স অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক মো. কবির উদ্দিন, অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের মহাসচিব উপাধ্যক্ষ মো. আব্দুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এম এ মান্নান মনির।
অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে অ্যালায়েন্স
বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, দেশের বিপুলসংখ্যক বেসরকারি শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও যৌক্তিক দাবিগুলো যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি শিক্ষা খাতে ইতিবাচক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার লক্ষ্যেই অ্যালায়েন্স গঠন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষক সমাজের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতিনির্ধারকদের কাছে যথাযথভাবে উপস্থাপনের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, বৈষম্য নিরসন এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষকবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় অ্যালায়েন্স গঠনমূলক ভূমিকা পালন করবে।
সমন্বিত উদ্যোগের আহ্বান
সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক সমাজের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী।
সারাক্ষণ রিপোর্ট 


















