যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে বাণিজ্য ভারসাম্য নিয়ে চাপ বাড়তে থাকায় চীনের মুদ্রা ইউয়ানকে আরও শক্তিশালী করার দাবি জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে এই বিষয়টি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এসেছে।
চীনের বাণিজ্য উদ্বৃত্ত নতুন রেকর্ডের দিকে এগোচ্ছে। একই সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকের হিসাবে, ইউয়ান প্রকৃত মূল্যের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কম মূল্যায়িত হতে পারে। তাদের যুক্তি, ইউয়ানের দাম বাড়লে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্য ভারসাম্য কিছুটা ঠিক হতে পারে এবং চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় থাকা বিদেশি উৎপাদকদের ওপর চাপও কমবে।
তবে বেইজিং দ্রুত ইউয়ানের মূল্য বাড়ানোর পথে হাঁটতে চাইছে না। কারণ চীনের অর্থনীতি বর্তমানে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, মূল্যপতন বা ডিফ্লেশন এবং শিল্পখাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মতো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইউয়ানের দ্রুত মূল্যবৃদ্ধি হলে রপ্তানিকারকদের লাভের মার্জিন আরও সংকুচিত হতে পারে এবং কর্মসংস্থানের ওপরও চাপ তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দাবি
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিষয়টিকে সরাসরি শুধু মুদ্রার সমস্যা হিসেবে দেখছেন না। তার মতে, চীনের ব্যাপক শিল্প ভর্তুকি এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদাও দেশটির বড় বাণিজ্য উদ্বৃত্তের পেছনে গুরুত্বপূর্ণ কারণ। তবে আগস্টে তিনি জি-৭ দেশগুলোকে চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক নতুন করে পর্যালোচনার আহ্বান জানান এবং চীনের ক্রমবর্ধমান বাণিজ্য উদ্বৃত্তকে ‘অস্থিতিশীল’ বলে মন্তব্য করেন।
ইউরোপেও উদ্বেগ বাড়ছে। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ৪১২ বিলিয়ন ডলারে পৌঁছায়। চলতি বছরের প্রথম ছয় মাসে এই উদ্বৃত্ত আরও ৯ শতাংশ বেড়েছে। বৈদ্যুতিক গাড়ি ও যন্ত্রপাতির যন্ত্রাংশ রপ্তানি বৃদ্ধিই এর অন্যতম কারণ।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক মাসগুলোতে চীনকে ইউয়ানের মূল্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মের্ৎস ১৯৮৫ সালের ‘প্লাজা অ্যাকর্ড’-এর কথাও একাধিকবার উল্লেখ করেছেন। ওই চুক্তির পর জাপানি ইয়েনের মূল্য দ্রুত বেড়ে গিয়েছিল।
ইউয়ান কতটা কম মূল্যায়িত?
ইউয়ানের প্রকৃত মূল্য নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে অবশ্য একমত নেই। সাবেক মার্কিন ট্রেজারি কর্মকর্তা ব্র্যাড সেটসারের হিসাবে, চীনের মুদ্রা প্রকৃত মূল্যের তুলনায় অন্তত ৩০ শতাংশ দুর্বল। গোল্ডম্যান স্যাকসের হিসাব এই ব্যবধানকে প্রায় ২০ শতাংশ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফেব্রুয়ারির হিসাব প্রায় ১৬ শতাংশ বলে মনে করে।
গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে ইউয়ান নামমাত্র হিসাবে ৬ শতাংশের বেশি শক্তিশালী হয়েছে। তবে মূল্যস্ফীতির পার্থক্য বিবেচনায় নিয়ে হিসাব করা প্রকৃত কার্যকর বিনিময় হারে ইউয়ানকে এখনো উল্লেখযোগ্যভাবে কম মূল্যায়িত বলে মনে করেন অনেক বিশ্লেষক।
চীনের পক্ষ অবশ্য ইউয়ানকে ইচ্ছাকৃতভাবে দুর্বল রেখে রপ্তানি বাড়ানোর অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে। চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পান গংশেং—দুজনই বলেছেন, চীন ইচ্ছাকৃতভাবে বাণিজ্য উদ্বৃত্ত বাড়ানোর নীতি অনুসরণ করছে না।
দ্রুত ইউয়ান বাড়াতে ভয় কেন?
বেইজিংয়ের সবচেয়ে বড় উদ্বেগ হলো রপ্তানি খাত। চীনের বহু শিল্পপ্রতিষ্ঠানের লাভের মার্জিন ইতোমধ্যেই খুব বেশি নয়। ইউয়ানের দাম দ্রুত বেড়ে গেলে বিদেশি ক্রেতাদের কাছে চীনা পণ্যের দাম তুলনামূলকভাবে বেড়ে যেতে পারে। এতে রপ্তানিকারকদের আয় ও মুনাফা কমার ঝুঁকি তৈরি হবে।
চীনের অর্থনীতিতে অভ্যন্তরীণ চাহিদা এখনো যথেষ্ট শক্তিশালী নয়। ফলে রপ্তানি কমে গেলে সেই ঘাটতি পূরণের মতো শক্তিশালী বিকল্প প্রবৃদ্ধির চালক তৈরি হয়নি। একই সঙ্গে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকায় কোম্পানিগুলো দেশের ভেতরের বাজারে সহজে ঘুরে দাঁড়াতেও পারছে না।
সিটিগ্রুপের চীনবিষয়ক প্রধান অর্থনীতিবিদ শিয়াংরং ইউয়ের মতে, ইউয়ানের মূল্য বাড়ার প্রবণতা নিয়ে বাজারে মোটামুটি ঐকমত্য রয়েছে; মূল অনিশ্চয়তা হলো এই বৃদ্ধি কত দ্রুত হবে। তার ধারণা, চীনের নিয়ন্ত্রকেরা মূল্যবৃদ্ধির গতি খুব সতর্কভাবে পরিচালনা করবে।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ
চীনের কেন্দ্রীয় ব্যাংক ইউয়ানের ওপর সরাসরি বড় ধরনের হস্তক্ষেপ অনেকটাই কমিয়েছে। তবে মুদ্রাটির মূল্য যাতে খুব দ্রুত না বাড়ে, সে বিষয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে।
চীনে প্রতিদিনের লেনদেনে ইউয়ানের ওঠানামার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন একটি মধ্যবর্তী হার নির্ধারণ করে, যা বাজারে ইউয়ানের গতিপথের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়।
গত শুক্রবার ইউয়ানের মধ্যবর্তী হার ডলারের বিপরীতে ৬.৭৫২১ নির্ধারণ করা হয়, যা সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান। বছরের শুরুতে এই হার ছিল ৭.০২৩। তবে বাণিজ্য অংশীদারদের মুদ্রার ঝুড়ির বিপরীতে ইউয়ানের মূল্য পরিমাপ করা সিএফইটিএস সূচক জুলাইয়ের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নেমে এসেছে।
কোম্পানিগুলো ইতোমধ্যে চাপ অনুভব করছে
ইউয়ানের মূল্য বাড়ার প্রভাব চীনা কোম্পানিগুলোর ওপর ইতোমধ্যেই পড়তে শুরু করেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে চীনের মূল ভূখণ্ডের তালিকাভুক্ত কোম্পানিগুলো বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত কারণে প্রায় ১০৭ বিলিয়ন ইউয়ান বা ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।

গৃহস্থালি যন্ত্রপাতি নির্মাতা মিদিয়া এই তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির মোট আয়ের ৪০ শতাংশের বেশি বিদেশ থেকে আসে। প্রথম ছয় মাসে বিনিময় হারজনিত ক্ষতির পরিমাণ ছিল ৬ বিলিয়ন ইউয়ান। তবে হেজিংয়ের মাধ্যমে কিছুটা প্রভাব সামলে কোম্পানিটি নিট মুনাফা ২ শতাংশ বাড়াতে পেরেছে।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির বৈদেশিক মুদ্রাজনিত ক্ষতি হয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান। একই সময়ে তাদের নিট মুনাফা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ কমেছে এবং আয় কমেছে ৭ শতাংশ।
১৯৮৫ সালের জাপানের অভিজ্ঞতা কি চীনের জন্য সতর্কবার্তা?
ইউয়ানের মূল্য বাড়ানোর বিতর্কে বারবার ১৯৮৫ সালের প্লাজা অ্যাকর্ডের উদাহরণ সামনে আসছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের মুখে জাপান তখন ইয়েনের মূল্য বাড়াতে সম্মত হয়েছিল। ১৯৮৮ সালের মধ্যে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়।
তবে চীনের বর্তমান পরিস্থিতি পুরোপুরি জাপানের সেই সময়ের মতো নয়। জাপানের ক্ষেত্রে মুদ্রার মূল্যবৃদ্ধির পর শেয়ার ও আবাসন বাজারে বড় ধরনের উত্থান হয়েছিল, পরে যা ভয়াবহ ধসের দিকে যায়। চীন ইতোমধ্যেই বড় ধরনের আবাসন বাজার সংকটের মধ্য দিয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, ইউয়ানের নামমাত্র মূল্য বাড়লেও চীন থেকে বিদেশে পণ্য রপ্তানির পরিমাণ অগত্যা কমবে—এমন নিশ্চয়তা নেই। বরং মুনাফা ধরে রাখতে চীনা কোম্পানিগুলো আরও কম দামে পণ্য বিক্রি করার চেষ্টা করতে পারে। এতে চীনের রপ্তানি আরও বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
কিছুটা মূল্যবৃদ্ধি কি চীনের জন্য ভালো?
সব বিশ্লেষকই ইউয়ানের মূল্যবৃদ্ধিকে চীনের জন্য ক্ষতিকর মনে করছেন না। গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের হিসাবে, প্রতি বছর ডলারের বিপরীতে ইউয়ান ৫ শতাংশ করে শক্তিশালী হলে চার বছরে চীনা মুদ্রার আনুমানিক ২০ শতাংশ অবমূল্যায়নের অর্ধেকের মতো কমানো সম্ভব হতে পারে।
তাদের মতে, এতে চীনা কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর প্রভাব তুলনামূলকভাবে সীমিত থাকবে। পাশাপাশি শক্তিশালী ইউয়ান যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের মোট অর্থনীতির আকারের ব্যবধান কিছুটা কমাতেও সহায়তা করতে পারে—যা চীনা নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়।
তবে শুধু মুদ্রার মূল্য বাড়ালেই চীনের অর্থনীতির মূল সমস্যা সমাধান হবে না। দেশটির অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতে হলে মানুষের আয় ও ভোগ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তা জোরদার করতে হবে এবং অভ্যন্তরীণ চাহিদাকে আরও শক্তিশালী করতে হবে।
চীন ইতোমধ্যে গ্রামীণ পেনশনসহ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় কিছু সহায়তা বাড়িয়েছে। কিন্তু সাধারণ মানুষের হাতে বড় পরিমাণ সম্পদ স্থানান্তরের মতো পদক্ষেপ নিতে এখনো সতর্ক বেইজিং। ফলে দেশের রপ্তানিনির্ভর অর্থনীতি ও দুর্বল অভ্যন্তরীণ চাহিদার মধ্যকার ভারসাম্যহীনতা থেকেই যাচ্ছে।
সব মিলিয়ে, ট্রাম্প-শি বৈঠকের আগে ইউয়ানের মূল্য আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলেও বেইজিং দ্রুত বড় ধরনের মুদ্রা পুনর্মূল্যায়নের পথে যাবে—এমন সম্ভাবনা কম। বরং চীন ধীরে ধীরে ইউয়ানকে শক্তিশালী হতে দেওয়ার পাশাপাশি রপ্তানি খাত, কর্মসংস্থান ও অভ্যন্তরীণ অর্থনীতির ওপর এর প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কারণ হঠাৎ করে ইউয়ানের দাম বাড়ানো শুধু বাণিজ্য ভারসাম্য নয়, চীনের দুর্বল অর্থনীতির ওপরও নতুন চাপ তৈরি করতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 


















