সমকালের একটি শিরোনাম “শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয় অচল”
শিক্ষকদের আন্দোলনের মুখে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম। গতকাল সোমবার উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা।
পদোন্নতির দাবিতে শিক্ষকরা গত ২১ এপ্রিল থেকে আন্দোলন করছিলেন। সিন্ডিকেট সভায় বিষয়টির সমাধান হবে– এমন আশ্বাসে পাঁচ দিন আন্দোলন স্থগিত করেন তারা। গত শনিবার সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নিজেদের পক্ষে না যাওয়ায় গতকাল সোমবার থেকে শাটডাউন কর্মসূচিতে যান শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, আন্দোলনকারী শিক্ষকরা গতকাল সকাল ৯টায় প্রশাসন ভবনের নিচতলায় অবস্থান নেন। পরে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গিয়ে রেজিস্ট্রারসহ কর্মকর্তা-কর্মচারীদের অফিস ছাড়তে বাধ্য করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষকরা বেলা ১১টার দিকে নিচতলা থেকে সরে গেলে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম তাঁর দপ্তরে যান। বিকেল পর্যন্ত তিনি নিজের দপ্তরেই ছিলেন। আন্দোলনকারীরা রেজিস্ট্রার, অর্থ বিভাগসহ অন্যান্য দপ্তরে তালা দিলেও উপাচার্যের অফিসে যাননি।
আন্দোলনকারী শিক্ষক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায় বলেন, এ পরিস্থিতির জন্য উপাচার্য দায়ী। আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। উপাচার্যকে প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা করব না। শিক্ষকরা যেসব প্রশাসনিক পদে ছিলেন সেগুলো থেকে পদত্যাগ করেছেন। পদোন্নতির বোর্ড বসানোর ছয় মাস পেরিয়ে গেলেও উপাচার্য বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। তাই আমরা আর তাঁকে প্রশাসনিক সহযোগিতা করব না।
দুপুরে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। শিক্ষার্থীদের ক্ষতি করে এ ধরনের আন্দোলন সমীচীন নয়।
ঘটনার শুরু যেভাবে
পদোন্নতি চাওয়া ৬০ শিক্ষকের দাবি, বেশির ভাগ শিক্ষকের দুই বছর আগে পদোন্নতির মেয়াদ পূর্ণ হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে পদোন্নতি দেয়নি।
অন্যদিকে উপাচার্য দাবি করেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পদোন্নতি নীতিমালা করেছে। জানুয়ারিতে তিনি এ সংক্রান্ত ইউসিজির চিঠি পেয়েছেন। এ নীতিমালা বাস্তবায়ন করতে হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভায় আইনের সংবিধি প্রণয়ন করতে হবে।
আজকের পত্রিকার একটি শিরোনাম”দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী”
দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে কী হয়েছে, সেটা সবাই জানেন। আমরা সেগুলো থেকে উত্তরণের জন্য কাজ করছি।’
আজ মঙ্গলবার (১২ মে) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যেই অর্থনীতিতে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এরকম একটা কর্মযজ্ঞ বিশাল ব্যাপার। এই অনুষ্ঠানটির মেসেজ হলো, স্টার্টআপ বিনিয়োগকে এটি আত্মবিশ্বাসী করবে। আমাদের একটি প্রোগ্রাম আছে ক্রিয়েটিভ ইকোনমি। এই উদ্যোগের আওতায় ক্রিয়েটিভ ইকোনমির অনেক কাজ করা যাবে আশা করি। এই বিনিয়োগে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, আমি কথা দিচ্ছি। ফিন্যান্সিয়াল সেক্টরে যে স্বচ্ছতা আমরা আনতে চাচ্ছি, তা এর মাধ্যমে প্রকাশ পাবে।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘ব্যাংক খাত এবং অর্থনীতিতে যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধান করতে জেপি মরগ্যান, বিশ্বব্যাংক ও আইএফসির সঙ্গে মিলেমিশে সরকার কাজ করছে। দেশের ব্যাংক খাতে বড় ধরনের সমস্যা হয়েছে, যা আমি বলতে চাই না। এই উদ্যোগকে সরকার যতভাবে দরকার, সব দিক দিয়েই সহযোগিতা করবে।’
িশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান বলেন, বাংলাদেশের আর্থিক খাতের পরবর্তী ধাপের উন্নয়নে এমন প্রতিষ্ঠান প্রয়োজন, যা উদ্ভাবন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। বিএসআইসি দেশীয় মূলধনকে উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, প্রথমে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হলেও তা সফল হয়নি। পরে প্রতিটি তফসিলি ব্যাংককে তাদের নিট লাভের ১ শতাংশ দিয়ে তহবিল গঠনের নির্দেশনা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এ ধরনের একটি প্রতিষ্ঠান গঠনে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। এই প্রতিষ্ঠানটি যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে, তা অবশ্যই সফল হবে।
বণিকবার্তার একটি শিরোনাম “এশিয়ার বাজারে চালের দামে মিশ্র প্রবণতা”
বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারতে চালের দাম কমেছে, তবে বেড়েছে থাইল্যান্ড ও ভিয়েতনামে। মূলত আফ্রিকার দেশগুলোয় চাহিদা কমে যাওয়া এবং নতুন ফসলের পর্যাপ্ত সরবরাহের কারণে ভারতে দাম কমেছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় ফসল কাটার মৌসুম শেষ হয়ে আসায় থাইল্যান্ড ও ভিয়েতনামে চালের দাম বাড়তে শুরু করেছে। খবর বিজনেস রেকর্ডার।
বাজার পর্যবেক্ষকদের দেয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ভারতে ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের রফতানি মূল্য কমে প্রতি টন ৩৩৭-৩৪৪ ডলারে নেমেছে। গত সপ্তাহে এ দাম ছিল ৩৪৪-৩৫০ ডলার। নয়াদিল্লিভিত্তিক ব্যবসায়ীরা জানিয়েছেন, আফ্রিকার দেশগুলো থেকে নতুন কোনো ক্রয়াদেশ না আসায় এবং স্থানীয় বাজারে শীতকালীন ফসলের সরবরাহ বাড়ায় চালের দাম নিম্নমুখী হয়েছে।
অন্যদিকে ভিয়েতনামে ৫ শতাংশ ভাঙা চালের দাম বেড়ে বর্তমানে ৩৯৫-৪০০ ডলারে পৌঁছেছে, যা দুই সপ্তাহ আগেও ছিল ৩৭৫-৩৮০ ডলার। ভিয়েতনামের ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমান মৌসুমের ফসল কাটা শেষ হয়ে আসায় বাজারে সরবরাহ কমেছে। জুলাইয়ের শেষ বা আগস্টের আগে নতুন ফসল বাজারে আসার সম্ভাবনা নেই, ফলে দাম আরো বাড়তে পারে। থাইল্যান্ডেও একই কারণে চালের দাম বেড়ে প্রতি টন ৪০৪-৪০৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া এল নিনোর প্রভাবে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাই চালের বাজারকে অস্থির করে তুলেছে।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে। উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় ফসল কাটার মূল সময়ে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও আগাম বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। এতে প্রায় দুই লাখ টনের বেশি চালের ঘাটতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে এ ঘাটতি মোকাবেলায় বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হতে পারে।
মানবজমিনের একটি শিরোন “আরও ২ মামলায় খায়রুল হকের জামিন মঞ্জুর ”
দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিলেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ জামিন মঞ্জুর হয়।
এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ দুদকের করা পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহালের পর, এবার আরও দুই মামলায় জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি।
উল্লেখ্য, গত বছরের ২৪শে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সারাক্ষণ ডেস্ক 


















