স্থূলতা কমাতে ব্যবহৃত ইনজেকশন বন্ধ করার পর অনেকেরই আবার দ্রুত ওজন বাড়তে শুরু করে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন খাওয়া যায় এমন একটি ট্যাবলেট সেই ওজন অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে। এতে স্থূলতা চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
নতুন এই ওষুধের নাম অরফরগ্লিপ্রন। এটি এমনভাবে কাজ করে, যাতে শরীরে ক্ষুধা কম অনুভূত হয় এবং দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি থাকে। এর ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়।
কী বলছে গবেষণা
গবেষণায় যুক্তরাষ্ট্রের ৩৭৬ জন অংশ নেন। তারা আগে এক বছরের বেশি সময় ধরে স্থূলতা কমানোর ইনজেকশন ব্যবহার করেছিলেন এবং সফলভাবে ওজন কমিয়েছিলেন। পরে তাদের সেই ইনজেকশন বন্ধ করতে বলা হয়।

এরপর অংশগ্রহণকারীদের একদলকে প্রতিদিন অরফরগ্লিপ্রন ট্যাবলেট দেওয়া হয় এবং অন্যদলকে কার্যকারিতাহীন একটি ট্যাবলেট দেওয়া হয়। কে কোনটি পাচ্ছেন, তা অংশগ্রহণকারীরা জানতেন না।
এক বছর পর দেখা যায়, যারা অরফরগ্লিপ্রন নিয়েছেন তারা আগের কমানো ওজনের ৭০ শতাংশের বেশি ধরে রাখতে পেরেছেন। অন্যদিকে কার্যকারিতাহীন ট্যাবলেট নেওয়া দল আগের কমানো ওজনের মাত্র ৩৮ থেকে ৫০ শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছে।
ইনজেকশনের বিকল্প হিসেবে আশা
বর্তমানে স্থূলতা কমানোর ইনজেকশন অনেক দেশে জনপ্রিয় হলেও সেগুলোর দাম তুলনামূলক বেশি এবং নিয়মিত ইনজেকশন নেওয়া অনেকের জন্য ঝামেলার। সেই তুলনায় প্রতিদিন খাওয়ার ট্যাবলেট রোগীদের জন্য সহজ বিকল্প হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রে এই ট্যাবলেটের সর্বনিম্ন মাত্রার দাম মাসে প্রায় ১৪৯ ডলার বলে জানা গেছে। অন্যদিকে কিছু জনপ্রিয় ইনজেকশনের মাসিক খরচ এক হাজার ডলারেরও বেশি।
সামনে কী হতে পারে
বিশেষজ্ঞদের মতে, স্থূলতা চিকিৎসায় দীর্ঘমেয়াদি ফল ধরে রাখতে এ ধরনের ট্যাবলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যারা ইনজেকশন চালিয়ে যেতে চান না বা ব্যয় বহন করতে পারছেন না, তাদের জন্য এটি কার্যকর সমাধান হতে পারে।
তবে বিভিন্ন দেশে বাজারে ছাড়ার আগে আরও পর্যবেক্ষণ ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ওষুধ স্থূলতা চিকিৎসার ধরণ বদলে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















