দক্ষিণ কোরিয়ার আধুনিক ইতিহাসকে যদি কয়েকটি শব্দে সংক্ষেপ করা যায়, তবে সেখানে থাকবে শিল্পায়ন, অর্থনৈতিক উত্থান, কঠোর পরিশ্রম এবং প্রতিযোগিতা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ কয়েক দশকের মধ্যে বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতিতে পরিণত হয়েছে। এই রূপান্তরের সঙ্গে সঙ্গে সমাজে এমন এক মূল্যবোধও প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে সাফল্যকে মাপা হয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অর্জন, আয় এবং সামাজিক মর্যাদার ভিত্তিতে। দীর্ঘদিন ধরে এই পথই ছিল উন্নতির প্রতিশ্রুতি।
কিন্তু আজকের দক্ষিণ কোরিয়ায় একটি অদ্ভুত সাংস্কৃতিক পরিবর্তন চোখে পড়ছে। এমন এক সময়ে, যখন তরুণদের বড় অংশ সংগঠিত ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, তখন বৌদ্ধধর্মের নানা অনুষঙ্গ নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে। মন্দিরে অবস্থান কর্মসূচি, ধ্যানভিত্তিক অনুষ্ঠান, বৌদ্ধ ভাবনার ওপর টেলিভিশন অনুষ্ঠান, এমনকি সন্ন্যাসীদের পরিচালিত অনলাইন কনটেন্টও ব্যাপক আগ্রহ তৈরি করছে। বিষয়টি কেবল ধর্মীয় পুনর্জাগরণের গল্প নয়; বরং এটি সমকালীন কোরীয় সমাজের গভীর এক মানসিক ও প্রজন্মগত সংকটের প্রতিফলন।
অনেক পর্যবেক্ষক এই প্রবণতাকে ‘ফ্যাশন’ বলে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ফ্যাশন এখন জনপ্রিয় হচ্ছে? এর উত্তর খুঁজতে হলে তরুণ প্রজন্মের বাস্তবতার দিকে তাকাতে হবে।
দীর্ঘ সময় ধরে কোরিয়ান সমাজে একটি অলিখিত সামাজিক চুক্তি কার্যকর ছিল। আগের প্রজন্ম দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং কঠিন জীবনযুদ্ধের মধ্য দিয়ে গেছে, কিন্তু তাদের সামনে একটি স্পষ্ট আশা ছিল—পরিশ্রম করলে জীবন উন্নত হবে। ভালো শিক্ষা মানেই ভালো চাকরি, চাকরি মানেই বাড়ি কেনার সুযোগ, আর অর্থনৈতিক প্রবৃদ্ধি মানেই আগামী প্রজন্মের জন্য আরও ভালো ভবিষ্যৎ।
আজ সেই সমীকরণ আর আগের মতো কাজ করছে না। উচ্চ আবাসন ব্যয়, সীমিত কর্মসংস্থান, সামাজিক গতিশীলতার স্থবিরতা এবং চরম প্রতিযোগিতার মধ্যে বেড়ে ওঠা তরুণদের অনেকেই মনে করছেন যে তাদের জন্য সাফল্যের সিঁড়ি আগের তুলনায় অনেক বেশি সংকীর্ণ। প্রচলিত পথ অনুসরণ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। ফলে পরিশ্রম ও পুরস্কারের মধ্যে যে সম্পর্ক একসময় স্বতঃসিদ্ধ মনে হতো, তা এখন প্রশ্নবিদ্ধ।
এই অর্থনৈতিক অনিশ্চয়তার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিভাজন। প্রজন্ম, লিঙ্গ ও মতাদর্শভিত্তিক বিরোধ ক্রমেই তীব্র হয়েছে। রাজনৈতিক অংশগ্রহণ বাড়লেও অনেক তরুণের মধ্যে এক ধরনের মানসিক ক্লান্তি তৈরি হয়েছে। তারা আলোচনায় উপস্থিত, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নয়। তারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, কিন্তু সেই প্রতিযোগিতার অর্থ নিয়ে সন্দিহান।
এমন পরিস্থিতিতে বৌদ্ধচিন্তা তাদের কাছে নতুন কিছু নয়, বরং বিকল্প কিছু। আধুনিক কোরীয় সমাজ যেখানে সাফল্যকে অর্জনের ভাষায় ব্যাখ্যা করে, সেখানে বৌদ্ধ দর্শন মানুষের অভিজ্ঞতাকে শুরু থেকেই অসম্পূর্ণতা ও দুঃখের বাস্তবতার সঙ্গে যুক্ত করে। এটি প্রতিশ্রুতি দেয় না যে সবাই জয়ী হবে। বরং প্রশ্ন তোলে—সম্ভবত সমস্যার সবটাই বাইরের নয়; হয়তো আমাদের প্রত্যাশা, আসক্তি এবং সাফল্য সম্পর্কে ধারণাগুলোকেও পুনর্বিবেচনা করা দরকার।
এই দৃষ্টিভঙ্গি এমন এক প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা স্বাভাবিক, যারা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কাঠামোগত সমস্যার মুখোমুখি। যখন সমাজ ক্রমাগত উৎপাদনশীলতা বাড়ানোর, আরও সফল হওয়ার এবং আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানায়, তখন অন্তর্গত শান্তি, আত্মসমঝোতা এবং গ্রহণযোগ্যতার ধারণা স্বস্তি এনে দেয়।
তবে এটিকে ধর্মীয় রূপান্তর হিসেবে দেখলে ভুল হবে। বাস্তবে অনেক তরুণ বৌদ্ধধর্ম গ্রহণ করছেন না; বরং এর কিছু ধারণা ও অনুশীলনকে জীবনের ব্যবহারিক সরঞ্জাম হিসেবে গ্রহণ করছেন। তারা ধর্মীয় পরিচয়ের চেয়ে বেশি খুঁজছেন মানসিক ভারসাম্য, চিন্তার অবকাশ এবং নিজেকে নতুনভাবে বোঝার সুযোগ।
এই প্রবণতা আসলে কোরিয়ার উন্নয়ন মডেলের প্রতি একটি নীরব প্রশ্নও বটে। অর্থনৈতিক বিস্ময়ের উত্তরাধিকার যেমন বর্তমান প্রজন্ম পেয়েছে, তেমনি সেই বিস্ময়ের চাপও তাদের কাঁধে এসে পড়েছে। ক্রমশ কঠিন হয়ে ওঠা প্রতিযোগিতামূলক পরিবেশে অনেক তরুণ আর শুধু জিততে চান না; তারা জানতে চান, এই দৌড়ে অংশ নেওয়াটাই আদৌ কতটা অর্থবহ।
সমাজে যখন প্রজন্মগত দূরত্ব বাড়ে, তখন রাজনীতি প্রায়ই সেই বিভাজনকে আরও তীব্র করে। কিন্তু সংস্কৃতি, দর্শন এবং আধ্যাত্মিক চিন্তা কখনও কখনও অন্য ধরনের ভাষা তৈরি করে—যে ভাষা সংঘাতের বদলে আত্মসমালোচনা ও পুনর্বিবেচনার সুযোগ দেয়। দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধচিন্তার প্রতি নতুন আগ্রহকে সেই আলোতেই দেখা যেতে পারে।
সুতরাং মূল ঘটনা বৌদ্ধধর্মের জনপ্রিয় হয়ে ওঠা নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন এক প্রজন্মের আবির্ভাব, যারা সাফল্যের প্রচলিত সংজ্ঞাকে প্রশ্ন করছে। তারা হয়তো প্রতিযোগিতা থেকে পুরোপুরি বেরিয়ে যেতে চায় না, কিন্তু অন্তত কিছু সময়ের জন্য থামতে চায়—নিজেদের অবস্থান, প্রত্যাশা এবং সুখের অর্থ নতুন করে বুঝে নেওয়ার জন্য।
জেসন লিম 



















