ইতালির ভেনিস শহরের একটি ছোট্ট ফ্রেমের দোকান আজও ধরে রেখেছে কয়েক দশকের শিল্পঐতিহ্য। ক্যানালের ধারে অবস্থিত ট্রেভিসানেলো পরিবারের এই কর্মশালা শুধু ছবি বা আয়নার ফ্রেম বিক্রি করে না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে চলেছে হাতে তৈরি শিল্পকর্মের এক অনন্য উত্তরাধিকার।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই পারিবারিক প্রতিষ্ঠান বর্তমানে পরিচালনা করছেন পরিবারের প্রবীণ সদস্য আলদো ট্রেভিসানেলো এবং তাঁর ছেলে ফিলিপ্পো ও মেয়ে সিলভিয়া। ছোট্ট এই কর্মশালায় বছরে প্রায় দেড় হাজার শিল্পকর্মের ফ্রেম এবং আরও কয়েকশ ছবি ও আয়নার ফ্রেম তৈরি হয়।
ঐতিহ্যের শুরু

আলদো ট্রেভিসানেলো তরুণ বয়সে আসবাবপত্র নির্মাণের কাজ করতেন। পরে ফ্রেম তৈরির পেশায় যুক্ত হয়ে নিজস্ব দোকান প্রতিষ্ঠা করেন। একসময় ভেনিসের এই এলাকায় শিল্পী, কারুশিল্পী ও সংগ্রাহকদের নিয়মিত আনাগোনা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই পরিবেশ অনেকটাই বদলে গেছে।
আলদোর ভাষায়, একসময় শহরে এ ধরনের অনেক দোকান থাকলেও এখন হাতে গোনা কয়েকটি মাত্র টিকে আছে। পর্যটননির্ভর অর্থনীতির চাপে স্থানীয় কারুশিল্পীদের সংখ্যা কমে যাওয়াই এর অন্যতম কারণ।
ছেলের হাতে পেশাদারিত্ব
ফিলিপ্পো ট্রেভিসানেলো কিশোর বয়স থেকেই বাবার দোকানে সময় কাটাতেন। পরে পুরো সময়ের জন্য এই কাজে যুক্ত হন। বর্তমানে তিনি বিভিন্ন শিল্পগ্যালারি, জাদুঘর ও সংগ্রহশালার জন্য বিশেষ ফ্রেম তৈরি করেন।

সংবেদনশীল ও মূল্যবান শিল্পকর্ম সংরক্ষণের জন্য তিনি বিশেষ কৌশল ব্যবহার করেন, যাতে কাগজ বা চিত্রকর্ম আর্দ্রতা কিংবা সময়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাঁর দক্ষতা স্থানীয় শিল্পজগতে ব্যাপক স্বীকৃতি পেয়েছে।
মেয়ের সৃজনশীলতার ছোঁয়া
সিলভিয়া ট্রেভিসানেলো পরিবারের ব্যবসায় নতুন মাত্রা যোগ করেছেন। গত দুই দশক ধরে তিনি ফ্রেম ও আয়না সাজানোর কাজে নিজস্ব শৈলী গড়ে তুলেছেন। কাঠের ফ্রেমে কাচের টুকরো, রঙিন কাচের দানা, ফুল, পাতা ও বিভিন্ন অলংকার ব্যবহার করে তিনি তৈরি করেন ব্যতিক্রমধর্মী নকশা।
পুরোনো ভবনের জানালার কাচ সংগ্রহ করে সেগুলো নতুনভাবে ব্যবহার করাও তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য। এতে যেমন পুরোনো উপকরণের পুনর্ব্যবহার হয়, তেমনি প্রতিটি শিল্পকর্মে যোগ হয় ভেনিসের ঐতিহ্যের ছাপ।

ঐতিহ্য রক্ষার লড়াই
দ্রুত বদলে যাওয়া বিশ্বের মধ্যে হাতে তৈরি কারুশিল্প টিকিয়ে রাখা সহজ নয়। তবু ট্রেভিসানেলো পরিবার বিশ্বাস করে, মানুষের সৌন্দর্যবোধ ও শিল্পের প্রতি ভালোবাসা কখনও হারিয়ে যাবে না।
তাদের কর্মশালার প্রতিটি ফ্রেমে রয়েছে সময়, শ্রম, দক্ষতা এবং পারিবারিক ইতিহাসের স্পর্শ। সেই কারণেই ভেনিসের এই ছোট্ট দোকানটি শুধু ব্যবসা নয়, বরং একটি জীবন্ত সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে আজও টিকে আছে।
সারাক্ষণ রিপোর্ট 



















