বাংলাদেশের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসী শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিস্যাব)।
বুধবার এক শোকবার্তায় ডিস্যাবের সভাপতি এ কে এম মঈনুদ্দীন এবং সাধারণ সম্পাদক এমরুল কায়েশ দেশের কূটনৈতিক অঙ্গনে ফেরদৌসী শাহরিয়ারের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কাজ করেছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোকবার্তায় ডিস্যাব নেতারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৫৪ বছর বয়সে মারা যান ফেরদৌসী শাহরিয়ার।
তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিভিন্ন বিদেশি মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ফেরদৌসী শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সারাক্ষণ রিপোর্ট 



















