ওমানের দক্ষিণ উপকূলের কাছে আল হালানিয়াত দ্বীপপুঞ্জ এলাকায় একটি তেলবাহী জাহাজ সমুদ্রতলে আটকে যাওয়ার পর সাগরে তেল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ছড়িয়ে পড়া তেল জননিরাপত্তার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি তৈরি করছে না বলে আশ্বস্ত করা হয়েছে।
সোমবার ওমানের কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারিতে দেখা যায়, হালানিয়াত দ্বীপপুঞ্জের উত্তর-পূর্ব দিকে তেলের আস্তরণ ধীরে ধীরে মূল ভূখণ্ডের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে কাছের স্থানে এটি উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রয়েছে।
বর্তমানে তেল সমুদ্রপৃষ্ঠেই অবস্থান করছে। সামুদ্রিক স্রোত, বাতাস, ঢেউ ও অন্যান্য প্রাকৃতিক পরিস্থিতির প্রভাবে এর আকার ও অবস্থান ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে।
এক মাসের বেশি সময় ধরে আটকে জাহাজ
গত ৬ আগস্ট ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ কর্তৃপক্ষ জানায়, ‘ক্যারোলিন বেজেঙ্গি’ নামের একটি তেলবাহী জাহাজ ওই এলাকায় সমুদ্রতলে আঘাত পেয়ে আটকে গেছে।

সংশ্লিষ্ট সামুদ্রিক তথ্য অনুযায়ী, ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি অপরিশোধিত তেল পরিবহন করে। এর দৈর্ঘ্য প্রায় ২৭৪ দশমিক ৪৮ মিটার এবং প্রস্থ ৪৮ মিটার।
জাহাজটি আটকে যাওয়ার পর তেল ছড়িয়ে পড়ায় আল হালানিয়াত দ্বীপপুঞ্জের সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবেশ রক্ষা এবং নৌযান চলাচল নিরাপদ রাখতে একযোগে কাজ করছে ওমানের বিভিন্ন সরকারি সংস্থা।
প্রায় ৩৯০ বর্গকিলোমিটার এলাকায় তেলের আস্তরণ
ধারাবাহিক পর্যবেক্ষণ ও উপগ্রহচিত্র বিশ্লেষণে দেখা গেছে, তেলের আস্তরণ একই দিকে এগিয়ে যাচ্ছে। এর বিস্তৃতির পরিমাণ প্রায় ৪৪৯ কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছে। সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও প্রায় ১২১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এটি একটি বৈজ্ঞানিক পূর্বাভাস, সরাসরি পর্যবেক্ষণের তথ্য নয়। বাতাসের গতি ও দিক, সমুদ্রস্রোত এবং সামুদ্রিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বাস্তব পরিস্থিতি পূর্বাভাসের চেয়ে ভিন্ন হতে পারে।
বিশ্লেষণে আরও দেখা গেছে, তেলের অপেক্ষাকৃত ঘন অংশ রাস মাদরাকার প্রবেশপথের দিকে যেতে পারে। ফলে সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় নিবিড় নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
প্রায় ৩৯০ বর্গকিলোমিটার এলাকায় তেলের আস্তরণ শনাক্ত হলেও এর অর্থ এই নয় যে এত পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। এটি মূলত যে ভৌগোলিক এলাকায় দূষণের চিহ্ন দেখা গেছে, তার পরিমাণ।

তেলের আস্তরণের বিস্তৃতি থেকে সরাসরি ছড়িয়ে পড়া তেলের পরিমাণ নির্ধারণ করা যায় না। তেলের স্তরের পুরুত্ব, তেলের ধরন, পানিতে ছড়িয়ে পড়ার মাত্রা, সমুদ্রস্রোত, বাতাসের গতি ও দিক, ঢেউ এবং সামুদ্রিক পরিবেশসহ নানা বিষয় এর ওপর প্রভাব ফেলে।
জননিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই
ওমানের কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই তেল দূষণ জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে না। সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিকল্পনাও সক্রিয় করা হয়েছে।
উপকূলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়েও উদ্বেগের কারণ নেই বলে জানানো হয়েছে। পানি বিশুদ্ধকরণ ও লবণমুক্তকরণ কেন্দ্র, মাছ চাষের প্রকল্প, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পর্যটন অবকাঠামোর ওপর কোনো তাৎক্ষণিক প্রভাব পড়েনি। সমুদ্রের পানির অবস্থা নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।
বৈরী আবহাওয়া পরিস্থিতি অবশ্য উদ্ধার ও তেল নিয়ন্ত্রণের কারিগরি কাজকে কঠিন করে তুলেছে। তবে একই সঙ্গে বাতাস ও সামুদ্রিক প্রবাহ তেলের আস্তরণকে ওমানের উপকূল থেকে দূরে সরিয়ে দেওয়ায় সরাসরি পরিবেশগত ক্ষতির ঝুঁকিও কিছুটা কমেছে।
জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ নজর
তেল দূষণ নিয়ন্ত্রণ, আটকে পড়া জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশগত ঝুঁকি মূল্যায়নে ওমানের একাধিক সরকারি সংস্থা একযোগে কাজ করছে।
বিশেষায়িত জাতীয় কারিগরি দল উপগ্রহচিত্র, পরিবেশগত মডেল, আকাশপথে নজরদারি এবং মাঠপর্যায়ের জরিপের মাধ্যমে তেলের গতিপথ ও পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এসব তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জীববৈচিত্র্য, সামুদ্রিক আবাসস্থল এবং পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল রক্ষায়। প্রবালপ্রাচীর, সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থান, দ্বীপাঞ্চল ও গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকাগুলো বিশেষভাবে পর্যবেক্ষণের আওতায় রয়েছে।

জাহাজের ভেতরের তেল সরানোর প্রস্তুতি
শুধু সমুদ্রে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণ নয়, তেল বের হওয়ার উৎস শনাক্ত করা এবং জাহাজের কাঠামোগত অখণ্ডতা বজায় রাখার কাজও চলছে। জাহাজের ভেতরে থাকা তেলের সম্ভাব্য লিক বন্ধ করতেও কারিগরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় ও বিভিন্ন জাতীয় সংস্থার বিশেষজ্ঞদের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে কাজ করছেন।
পরবর্তী ধাপে জাহাজটির আরও ক্ষয়ক্ষতি ঠেকানো এবং নিরাপদভাবে এর তেল সরিয়ে নেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করে জাহাজটি উদ্ধার করার পরিকল্পনা রয়েছে।
পুরো কার্যক্রমে আকাশপথে নজরদারি, সমুদ্রে ডুবুরি অভিযান, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ এবং নিরাপদভাবে জাহাজের তেল স্থানান্তরের জন্য কারিগরি সমাধান তৈরির কাজ চলছে।
পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ হালানিয়াত দ্বীপপুঞ্জ
আল হালানিয়াত দ্বীপপুঞ্জ ওমানের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে আরব সাগরের দিকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত পাঁচটি প্রত্যন্ত দ্বীপের সমষ্টি। এর মধ্যে আল হালানিয়াহ সবচেয়ে বড় এবং একমাত্র জনবসতিপূর্ণ দ্বীপ। সমৃদ্ধ সামুদ্রিক প্রাণবৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সংরক্ষণমূলক গুরুত্বের কারণে এটি পর্যটকদের কাছেও জনপ্রিয়।
কচ্ছপের ডিম পাড়ার সৈকত, প্রবালপ্রাচীর, সামুদ্রিক পাখি এবং মাছের প্রজনন ও বিচরণের ক্ষেত্র হিসেবে দ্বীপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দ্বীপকে ভবিষ্যতে প্রাকৃতিক সংরক্ষিত এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও রয়েছে।
এখানকার উপকূলজুড়ে রয়েছে নানা ধরনের প্রবাল, মাছ ও সামুদ্রিক কচ্ছপ। ডলফিন ও তিমিরও নিয়মিত দেখা মেলে। পরিযায়ী ও সামুদ্রিক পাখিদের জন্যও দ্বীপগুলো গুরুত্বপূর্ণ আবাসস্থল।
![]()
বিশেষ করে মুখোশধারী বুবি পাখির জন্য ওমান ও আরব সাগরে এই দ্বীপগুলো একমাত্র প্রজননস্থল হিসেবে পরিচিত। এছাড়া সকোত্রা করমোর্যান্ট, কালোচে গাঙচিল ও ব্রাইডলড টার্নসহ বিভিন্ন প্রজাতির পাখিও এখানে দেখা যায়। সকোত্রা করমোর্যান্ট ওমানের অন্য কোথাও প্রজনন করে না।
ফলে তেল দূষণের এই ঘটনা শুধু একটি জাহাজ দুর্ঘটনা নয়; এটি একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্যও বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
অনুমান নয়, যাচাই করা তথ্যই দেবে কর্তৃপক্ষ
ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী নিয়মিতভাবে সরকারি তথ্য প্রকাশ করা হবে। জনসাধারণ ও গণমাধ্যমকে অনুমোদিত সরকারি উৎসের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
অনুমোদনহীন তেলের পরিমাণ, মানচিত্র কিংবা বিভিন্ন অনুমান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, পর্যবেক্ষণে পাওয়া বাস্তব তথ্য এবং পরিবেশগত মডেলের ভিত্তিতে তৈরি সম্ভাব্য পরিস্থিতির পূর্বাভাস—এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। বিশেষজ্ঞদের অনুমোদিত কারিগরি মূল্যায়ন ছাড়া তেল ছড়িয়ে পড়ার পরিমাণ নিয়ে প্রচারিত কোনো সংখ্যাকেই চূড়ান্ত তথ্য হিসেবে বিবেচনা করা যাবে না।
পরিস্থিতি সামাল দিতে নজরদারি ও পরিবেশ সুরক্ষার কাজ অব্যাহত রয়েছে। আপাতত জননিরাপত্তা ঝুঁকিমুক্ত থাকলেও ওমানের সমুদ্র উপকূল ও বিরল সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় আগামী দিনগুলোতে এই তেল দূষণের গতিপথই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
সারাক্ষণ রিপোর্ট 



















