ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। রোববার রাতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির অন্যতম বড় ইস্পাত কারখানায় হামলায় অন্তত দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। একই সময়ে মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সেখানে একজন নিহত হওয়ার পাশাপাশি একটি বড় গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
ক্রিভি রিহের ইস্পাত কারখানায় হামলা
রাশিয়ার হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল শিল্পনগরী ক্রিভি রিহের আরসেলর মিত্তাল ইস্পাত কারখানা। শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান হিসেবেও পরিচিত।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিদ্যুৎ উৎপাদন ও ধাতু গলানোর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কারখানার উৎপাদন কার্যক্রমের একটি অংশ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত দুজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
এ ছাড়া রাজধানী কিয়েভেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হয়েছেন। কিয়েভ অঞ্চলে ড্রোন হামলায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
মস্কো অঞ্চলে বড় ড্রোন হামলা
অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার মস্কো অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এটি মস্কো অঞ্চলে ইউক্রেনের অন্যতম বড় ড্রোন হামলা।
হামলায় পোদলস্ক এলাকায় কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার বৃহত্তম অনলাইন পণ্য বিক্রয় প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামও হামলার শিকার হয়েছে। হামলার পর গুদাম এলাকা থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়।
ইউক্রেন সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করছে। কিয়েভের অভিযোগ, প্রতিষ্ঠানটি রুশ সামরিক সরঞ্জাম সরবরাহের সঙ্গে যুক্ত। রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো দুর্বল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের কাছেও একটি বাসে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন। অঞ্চলটি ইউক্রেনের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী।

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন
এদিকে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার প্রভাব সীমান্ত পেরিয়েও ছড়িয়ে পড়েছে। ইউক্রেন সীমান্তবর্তী রোমানিয়া জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোনকে একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্পেনের নেতৃত্বাধীন ন্যাটো বিমান টহলদারি দলের একটি এফ-১৮ যুদ্ধবিমান স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি ধ্বংস করে। ড্রোনটি মলদোভা দিক থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল।
ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে ড্রোনটিকে রুশ ড্রোন বলেই মনে হয়েছে। ধ্বংস হওয়া ড্রোনের কিছু অংশ জনবসতিহীন এলাকায় পড়েছে বলে জানিয়েছে রোমানিয়া।
হামলা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক হামলায় সারা দেশে ইউক্রেনের ৮২২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার রোস্তভ অঞ্চলে ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনকারী একটি স্থাপনাতেও হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে দুই দেশই ক্রমাগত একে অপরের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে কৃষ্ণসাগরের বাণিজ্যিক জাহাজ, তেল শোধনাগার, বন্দর ও শিল্পকারখানায় হামলা বাড়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















