চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকট, কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন
রুমিন ফারহানা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলেই সমস্যায় পড়তে হয়। তার দাবি, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গাত্মক বক্তব্য দেন অথবা কথার কৌশলে পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির একটি ভিন্ন চিত্র পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী রয়েছেন, তেমনি ৬৪ জেলায় ৬৪ জন আইন-শৃঙ্খলা বিষয়ক ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে পরিস্থিতি সামলানো আরও ভালো হতো।
কর্মসংস্থান নিয়ে প্রশ্ন
জ্বালানি সংকট ও কর্মসংস্থানের প্রসঙ্গও সংসদে তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের জন্য মানুষের মধ্যে হাহাকার রয়েছে এবং গ্যাসের সংকটও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের সময় এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে ৯০০টির বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে কি না, পাশাপাশি যারা বর্তমানে চাকরি করছেন তাদের কর্মসংস্থান কত দিন টিকে থাকবে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার
রুমিন ফারহানা বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে আইন-শৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা—এই তিনটি বিষয় রয়েছে। তবে বাস্তব পরিস্থিতির সঙ্গে এসব অগ্রাধিকারের বাস্তবায়ন নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
দ্রব্যমূল্য নিয়েও ক্ষোভ
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, বাজারে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ডিমের দামও কয়েক দফা বেড়েছে। চালের দাম, বিশেষ করে মিনিকেট চালের দাম নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
তিনি বলেন, মানুষ বাজারে গিয়ে বাড়তি দামের চাপ অনুভব করছে। এর পাশাপাশি টিসিবির লাইনে মানুষের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।
সারাক্ষণ রিপোর্ট 



















