চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় মরা পদ্মার বিলে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোনও রয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পাঁচ শিশু হলো চর চাকলা গ্রামের নিজা উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান।
পরে স্থানীয়দের সহায়তায় বিলের পানি থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের সময় তাদের কেউই জীবিত ছিল না।
ঘটনাস্থলে পুলিশ, নেওয়া হবে আইনি ব্যবস্থা
পাঁচ শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।
তিনি জানান, বিলের পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা জানার পর সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















