ঢাকার যানজট কমানো ও নগর পরিবহনব্যবস্থা আধুনিকায়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজায় চার মাসের মধ্যে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে করওয়ান বাজারের কাঁচাবাজার গাবতলীতে স্থানান্তর এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার তেজগাঁও কার্যালয়ে রাজধানীর যানজট পরিস্থিতি, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা ও সিদ্ধান্ত দেওয়া হয়।
চার মাসে ইটিসি চালুর নির্দেশ
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজধানীর এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজাগুলোতে চার মাসের মধ্যে ইটিসি ব্যবস্থা চালুর নির্দেশ দেন। এ ব্যবস্থা বাস্তবায়নে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্তও হয়েছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন জানান, চার মাসের মধ্যেই অ্যাপ তৈরিসহ ইটিসি চালুর কাজ শেষ করতে বলা হয়েছে।
এ ছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার এলাকায় যানজটের কারণ ও পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
ফুলবাড়িয়া টার্মিনাল যাবে কেরানীগঞ্জে
কেন্দ্রীয় ঢাকায় বাস ও আন্তজেলা যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগায় আপাতত ঝিলমিল প্রকল্পের আওতাধীন ১৫ একর জমিতে চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বাসের ধারণক্ষমতা বাড়াতে ও যানবাহন ব্যবস্থাপনা উন্নত করতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
গাবতলীতে যাবে করওয়ান বাজারের কাঁচাবাজার
রাজধানীর যানজট কমানোর পরিকল্পনার অংশ হিসেবে করওয়ান বাজারের কাঁচাবাজার গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয় এলাকার পার্কিং ব্যবস্থাপনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা করা সম্ভব কি না, তা যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন হলে বিকল্প পার্কিংয়ের স্থানও চিহ্নিত করা হবে।
অটোরিকশার জন্য পৃথক নীতি
ঢাকায় অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে দায়িত্বপ্রাপ্ত কাজ শেষ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকার যানজট কমাতে ইটিসি চালু, করওয়ান বাজারের কাঁচাবাজার গাবতলীতে স্থানান্তর এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব উদ্যোগের বাস্তবায়নে নির্ধারিত সময়সীমার ওপর জোর দেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















