রাজধানীর আজিমপুরে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে আজিমপুর মাতানির ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম আমিনুল ইসলাম শাওন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, ভোর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে আজিমপুর মাতানির ওভারব্রিজের নিচে পার্ক করে রাখা ‘ভিআইপি’ নামের একটি বাসে আমিনুল ইসলাম শাওন আগুন দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি বাসের কর্মী ও স্থানীয় লোকজনের নজরে আসে। পরে তারা তাকে ঘটনাস্থলেই ধরে ফেলেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে।
খবর পেয়ে লালবাগ থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নেয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, জনতার মারধরে আমিনুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিয়াজ মেহেদী জানান, আমিনুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সারাক্ষণ রিপোর্ট 



















