বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শিগগিরই নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে তাঁর নিয়োগের আনুষ্ঠানিক সম্মতিপত্র ইতোমধ্যে বাংলাদেশকে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন সিয়াম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি সেখানে রয়েছেন।
নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন নোমান চৌধুরী
সিয়ামের নয়াদিল্লি মিশনে যাওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে।

নোমান চৌধুরী বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
দুই দশকের বেশি সময়ের কূটনৈতিক জীবনে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ, অর্থনৈতিক সম্পর্ক, প্রশাসন, প্রটোকল, বহির্বিশ্ব প্রচার ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক উইংয়েও দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি পররাষ্ট্র সার্ভিস একাডেমিতেও কাজ করেছেন।
সিয়ামের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা
আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ২০২৫ সালের ২০ জুন তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং গায়ানায় সমবর্তীভাবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একই সঙ্গে হাঙ্গেরি ও স্লোভেনিয়ায় সমবর্তী রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘ কার্যালয় ও ওপেক ফান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ওই সময় পালাউয়ে সমবর্তী রাষ্ট্রদূত এবং এশীয় উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সিয়ামের কর্মজীবনে ইতালির মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের প্রথম কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার এবং জাকার্তা ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি ছিলেন। তিনি মিশনগুলোর মহাপরিদর্শক, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর, চিফ অব প্রটোকল এবং ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নবিষয়ক উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ভারতে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আগামী মাসে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















