ব্রিটেনের আশ্রয়প্রার্থীদের জন্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা দেশটির অভিবাসননীতির একটি গভীর অসঙ্গতি সামনে এনেছে। সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগের মধ্যেই সরকার এখন এমন মানুষদের জন্য নির্দেশিকা তৈরি করছে, যারা ব্রিটেনে এসে কীভাবে দেশটির আইন ও সামাজিক নিয়ম মেনে চলবেন, তা জানতে পারবেন। বিষয়টি কেবল প্রশাসনিক দুর্বলতার নয়; বরং ব্রিটেনের সীমান্তনীতি কতটা কার্যকর এবং বাস্তবসম্মত, সেই প্রশ্নও সামনে আনছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের কিছু সিদ্ধান্ত সাহসী ও বাস্তবসম্মত হলেও অনিয়মিত নৌপথে অভিবাসন বন্ধের মূল লক্ষ্য এখনো অর্জিত হয়নি। সংখ্যায় কিছুটা কমতি থাকলেও ব্রিটিশ জনমতের বড় অংশ চায়, ছোট নৌকায় করে অবৈধভাবে প্রবেশের এই প্রবাহ পুরোপুরি বন্ধ হোক। ২০২৬ সালের মার্চ পর্যন্ত এক বছরে এই পথে প্রায় ৪৪ হাজার মানুষ ব্রিটেনে পৌঁছেছে।
সরকারের সর্বশেষ উদ্যোগ হলো হোটেল ও শেয়ার্ড আবাসনে থাকা আশ্রয়প্রার্থীদের ব্রিটিশ আইন ও সামাজিক আচরণ সম্পর্কে জানানো। উদ্যোগটি শুনতে স্বাভাবিক মনে হলেও এর ভেতরে একটি বড় প্রশ্ন রয়েছে—একটি রাষ্ট্র যখন তার ভূখণ্ডে কারা প্রবেশ করছে এবং কারা থাকার অধিকার পাচ্ছে, তা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন শুধু নির্দেশিকা দিয়ে সমস্যার সমাধান কতটা সম্ভব?
সমস্যার মূল নয়, উপসর্গ সামলানো
এই নির্দেশিকা ব্রিটিশ সরকারের বৃহত্তর নীতিগত দুর্বলতার প্রতীক হয়ে উঠেছে। প্রশাসন অনেক ক্ষেত্রেই সমস্যার মূল কারণ দূর করার বদলে তার উপসর্গ সামলানোর দিকে ঝুঁকছে।
যাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো কঠিন হলে সরকার নতুন নির্দেশনা দেয়। প্রত্যাবাসন ব্যবস্থা কার্যকর করা না গেলে নতুন নতুন পরিকল্পনার কথা বলা হয়। মানবপাচারকারী চক্রগুলো সক্রিয় থাকলে তাদের ব্যবসার কাঠামো ভেঙে দেওয়ার বদলে নির্দিষ্ট কিছু চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
ফলে সরকারের কর্মকাণ্ড দৃশ্যমান থাকে, কিন্তু সমস্যার কাঠামোগত পরিবর্তন খুব সামান্যই হয়।
নতুনদের ব্রিটিশ আইন সম্পর্কে জানানো নিজে কোনো ভুল উদ্যোগ নয়। বরং যে কোনো দেশে বসবাসকারী মানুষের সেই দেশের আইন সম্পর্কে ধারণা থাকা জরুরি। কিন্তু আইন শেখানোর উদ্যোগ কখনোই এমন একটি অভিবাসনব্যবস্থার বিকল্প হতে পারে না, যেখানে কারা প্রবেশ করতে পারবেন, কারা আশ্রয়ের যোগ্য এবং কারা যোগ্য নন—এসব বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
একটি রাষ্ট্র নিজের সীমান্তসংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারলে জনগণের আস্থা ধীরে ধীরে ক্ষয়ে যায়। আর এই সংকট শুধু অভিবাসীর সংখ্যা নিয়ে নয়; এটি রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্কের প্রশ্ন।
সীমান্ত শুধু মানচিত্রের রেখা নয়
অভিবাসন বিতর্কে সীমান্তকে অনেক সময় কেবল একটি ভৌগোলিক রেখা হিসেবে দেখা হয়। বাস্তবে সীমান্ত একটি দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর অংশ।
একটি জাতি এমন একটি রাজনৈতিক সম্প্রদায়, যেখানে নাগরিকরা একে অপরের প্রতি কিছু দায়িত্ব গ্রহণ করে এবং রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা, প্রতিষ্ঠান ও সেবার নিশ্চয়তা পায়। এই ব্যবস্থার ভিত্তি হলো নিয়মের প্রতি আস্থা এবং সেই নিয়ম সবার ক্ষেত্রে যথাসম্ভব সমভাবে প্রয়োগের বিশ্বাস।
এর অর্থ এই নয় যে ব্রিটেনকে বিপদগ্রস্ত মানুষের জন্য দরজা বন্ধ করে দিতে হবে। নির্যাতন, যুদ্ধ বা নিপীড়নের শিকার মানুষকে আশ্রয় দেওয়ার মানবিক দায়িত্ব অবশ্যই রয়েছে। তবে মানবিকতা এবং সীমান্ত নিয়ন্ত্রণ পরস্পরবিরোধী নয়।
একটি কার্যকর ব্যবস্থা একই সঙ্গে দুর্বল ও বিপন্ন মানুষকে সুরক্ষা দিতে পারে এবং অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকাতে পারে। নিরাপদ ও বৈধ পথ তৈরি করা এবং বিপজ্জনক সমুদ্রপথে মানবপাচারকারীদের মাধ্যমে প্রবেশের সুযোগ তৈরি হওয়া—এই দুই বিষয় এক নয়।
অপরাধ নিয়ে স্বচ্ছতা জরুরি
অভিবাসন নিয়ে যুক্তি দাঁড় করাতে বিচ্ছিন্ন অপরাধকে ব্যবহার করা বিপজ্জনক। কোনো নির্দিষ্ট দেশের মানুষ বা কোনো অভিবাসী সম্প্রদায়ের সবাইকে কয়েকজন ব্যক্তির অপরাধের জন্য দায়ী করা যায় না।
তবে আশ্রয়প্রার্থী বা অনিয়মিত অভিবাসীদের সঙ্গে সম্পর্কিত গুরুতর অপরাধের ঘটনাকেও রাজনৈতিক অস্বস্তির কারণে উপেক্ষা করা উচিত নয়। সাম্প্রতিক সময়ে আফগান নাগরিকদের বিরুদ্ধে ধর্ষণের মামলায় দণ্ড এবং অভিবাসীদের জড়িত অন্যান্য সহিংস অপরাধের ঘটনা ব্রিটিশ সমাজে উদ্বেগ বাড়িয়েছে।
এখানে প্রয়োজন আবেগ নয়, নির্ভরযোগ্য তথ্য।
অভিবাসন-সংক্রান্ত অবস্থান এবং অপরাধের তথ্য যতটা দায়িত্বশীলভাবে সংগ্রহ করা সম্ভব, সরকারকে ততটাই স্বচ্ছভাবে তা প্রকাশ করতে হবে। নাগরিকদের রাজনৈতিক বক্তব্য, নির্বাচিত কিছু ঘটনা বা বিচ্ছিন্ন সংবাদ প্রতিবেদনের ওপর নির্ভর করে পরিস্থিতি বুঝতে বাধ্য করা উচিত নয়।
একটি পরিণত অভিবাসননীতি একই সঙ্গে দুটি সত্য স্বীকার করতে পারে—অধিকাংশ অভিবাসী অপরাধী নন, আবার অভিবাসীদের দ্বারা সংঘটিত অপরাধও জনস্বার্থের বৈধ বিষয়।
মানবপাচার বন্ধ করতে হলে ব্যবসার মডেল ভাঙতে হবে
মানবপাচারকারী চক্রগুলোর ব্যবসা বন্ধ করার কথা ব্রিটিশ সরকার বহুবার বলেছে। লক্ষ্যটি যৌক্তিক। কিন্তু শুধু কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করলেই এই ব্যবসা শেষ হবে না।
এই শিল্প টিকে আছে কারণ সম্ভাব্য যাত্রীরা বিশ্বাস করেন, বিপজ্জনক পথে ব্রিটেনে পৌঁছানোর পর তারা দীর্ঘ সময় দেশটিতে থেকে যাওয়ার সুযোগ পাবেন। পুরোনো পাচারকারী চক্র ভেঙে দিলেও সেই প্রত্যাশা থাকলে নতুন চক্র তৈরি হবে।
তাই কার্যকর নিরুৎসাহের কেন্দ্রে থাকতে হবে ব্রিটেনে পৌঁছানোর পর কী ঘটে, সেই প্রশ্ন।
আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। আবেদন ব্যর্থ হওয়ার পর দ্রুত প্রত্যাবাসনের সম্ভাবনা যদি বাস্তব হয়, তাহলে পাচারকারীদের কাছে বিপুল অর্থ দেওয়ার আকর্ষণও কমবে। বিপরীতে, প্রত্যাবাসন যদি অনিশ্চিত হয় এবং সিদ্ধান্ত কার্যকর হতে বছরের পর বছর লাগে, তাহলে পাচারকারীদের ব্যবসা টিকে থাকবে।
এর অর্থ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বাধ্যবাধকতা পরিত্যাগ করা নয়। বরং যেসব দেশের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি করা সম্ভব, তাদের সঙ্গে কার্যকর সমঝোতা তৈরি করা, প্রয়োজনীয় প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যবস্থা করা।
তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থা কিছু ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কিন্তু কোনো ব্যবস্থাই মূল প্রশ্নের বিকল্প নয়—একটি দেশ তার সীমান্তে নেওয়া সিদ্ধান্ত কার্যকর করতে পারে কি না।
নিয়ন্ত্রণ ও মানবিকতার মধ্যে ভারসাম্য দরকার
অভিবাসন বিতর্কের সবচেয়ে বড় ভুল হলো সীমান্ত নিয়ন্ত্রণ এবং মানবিকতাকে পরস্পরের বিপরীত হিসেবে দেখা।
ব্রিটেন চাইলে শরণার্থীদের গ্রহণ করতে পারে। নিপীড়নের শিকার মানুষের জন্য নিরাপদ ও বৈধ প্রবেশপথ বাড়াতে পারে। নারী, শিশু এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের অগ্রাধিকার দিতে পারে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিপজ্জনক যাত্রা শুরু হওয়ার আগেই যোগ্য ব্যক্তিদের শনাক্ত করার ব্যবস্থাও তৈরি করতে পারে।
কিন্তু মানবিকতার জন্য জনসমর্থন প্রয়োজন। আর মানুষ যখন মনে করে যে অভিবাসনব্যবস্থা নিয়ন্ত্রণহীন, তখন সেই জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
তাই একটি দেশ যদি সত্যিই স্বাগত জানানোর নীতি বজায় রাখতে চায়, তাকে একই সঙ্গে কোথায় ‘না’ বলতে হবে সেটিও স্পষ্ট করতে হবে।
আশ্রয় এবং অর্থনৈতিক অভিবাসনকে আলাদা করতে হবে। বৈধ প্রবেশ ও অবৈধ প্রবেশের মধ্যে পার্থক্য করতে হবে। প্রকৃত সুরক্ষার প্রয়োজন এবং ব্যবস্থার অপব্যবহারের মধ্যে সীমারেখা টানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সিদ্ধান্ত নেওয়ার পর তা কার্যকর করতে হবে।
সরকারের নতুন নির্দেশিকা হয়তো নতুন আসা মানুষদের ব্রিটিশ সমাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তৈরি হয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে অনিচ্ছাকৃতভাবেই আরও বড় একটি প্রশ্ন সামনে এসেছে।
একটি কার্যকর রাষ্ট্র অবশ্যই তার দেশে বসবাসকারীদের আইন সম্পর্কে জানাবে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—কে দেশে প্রবেশ করতে পারবেন, কে থাকার অধিকার পাবেন এবং সেই অধিকার না থাকলে কী ব্যবস্থা নেওয়া হবে—এসব বিষয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত কার্যকর করার সক্ষমতা থাকা।
এই সক্ষমতা ফিরে না এলে ব্রিটেন তার সীমান্তসংকটের সমাধান করবে না; কেবল তার উপসর্গগুলোকে নতুন নতুন পদ্ধতিতে সামলাতে থাকবে।
ম্যাথিউ সাইড 



















