চট্টগ্রাম নগরের শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে মো. সেকেন্দর হোসেন মিসবাহ নামে ১৫ বছর বয়সী এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর মিসবাহর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। এরপর পরিবারের সদস্য ও মাদ্রাসার শিক্ষকরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় মিসবাহর বাবা মো. বশির আহমেদ গত ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানায় জিডি করেন। জিডিতে বলা হয়েছে, মিসবাহ নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মিসবাহর শারীরিক বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং ফর্সা, চেহারা লম্বাটে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি।
মিসবাহর বাবা বশির আহমেদ বলেন, তার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাননি। পরে থানায় জিডি করা হয়েছে। এখনো ছেলের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এসআই মো. আলী বিন কাসীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিসবাহ সম্পর্কে কেউ কোনো তথ্য পেলে ০১৮২১-৫৩১ ৩৬৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















